এসএমই মেলায় প্রযুক্তি-প্রকৌশলের চমক

১৯ মে, ২০২৪ ১১:৩৪  

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শনের জন্য সপ্তাহব্যাপী ১১তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ মে) থেকে শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়েছে।

এবারের আয়োজনে ৬০ শতাংশ নারীসহ সাড়ে তিন শতাধিক কোম্পানি অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ১৩টি তথ্যপ্রযুক্তিভিত্তিক (আইটি) পরিষেবা, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস খাতের ৩টি এবং ২৩টি হালকা প্রকৌশল পণ্যের পসরা জানান দিচ্ছে স্মার্ট বাংলাদেশের প্রস্তুতি।

সূত্রমতে, এবারের মেলায় পোশাক খাতের সবচেয়ে বেশি ৭৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া ৪২ টি প্রতিষ্ঠান পাটজাত পণ্য, ৩৮ টি প্রতিষ্ঠান হস্তশিল্প, ৩২ টি প্রতিষ্ঠান চামড়াজাত পণ্য এবং ২৭ টি প্রতিষ্ঠান প্রক্রিয়াজাত কৃষিপণ্য প্রদর্শন করছে। এসব ক্ষেত্রেও প্রযুক্তির প্রচ্ছন্ন ব্যবহার উঠে এসেছে প্রদর্শনীতে।

এ ছাড়া উইন্ডি টাউন হলে সহজ অর্থায়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও ক্লাস্টার উন্নয়ন বিষয়ে ছয়টি সেমিনার অনুষ্ঠিত হবে।

মেলায় পাঁচটি সেবাপণ্য নিয়ে অংশগ্রহণ করেছে দেশীয় সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকসল্যুশনস প্লেক্স লিমিটেড। নতুন পণ্যের মধ্যে রয়েছে ‘প্রাইজ প্রো’ ও ‘ল্যান্ডসো’।

মেলায় ৩০টি ব্যাংক, ১৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ৫টি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ও প্রায় ৫০টি অন্যান্য প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণকারীদের সেবা দিচ্ছে।

সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠঅনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শিল্প খাতকে পরিবেশবান্ধব করতে চাই। শিল্প খাত পরিবেশবান্ধব হওয়া উচিত। যারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন, অবশ্যই লক্ষ রাখবেন যেন শিল্পের বর্জ্য নদীতে না পড়ে। পানি যেন কোনোরকম দূষিত না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

নারী উদ্যোক্তা আরও বাড়াতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘নারীদের আরও বেশি সুযোগ করে দিতে হবে। তাহলে নারী-পুরুষ সমান তালে এগিয়ে যাবে। নারীদের গৃহস্থালী কাজের স্বীকৃতি দিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে নানান পণ্য উৎপাদন হয়। এগুলো দেশের অভ্যন্তরে বাজারজাত করার সুযোগ তৈরি করতে হবে। নিজের দেশের চাহিদা বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি করার সুযোগ তৈরি করে দিতে হবে। রপ্তানি বহুমুখী করতে হবে। পাশাপাশি দেশের ভেতরে বাজার সৃষ্টি করতে হবে। পদ্মার ওপারে বিশাল কর্মক্ষেত্র তৈরি হয়েছে। সেখানে এসএমই উদ্যোক্তারা কাজ করতে পারেন।’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেশ কিছু ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট, অ্যাক্রেডিটেশন সনদসহ জাতীয় এসএমই পুরস্কার ২০২৩ হস্তান্তর করেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উদ্যোক্তা স্বপ্না রানী সেন জাতীয় এসএমই পুরস্কার ২০২৩ জেতার অনুভূতি ব্যক্ত করেন।

বক্তব্যের পর প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৪ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।